পদ্মা সেতুর নিচ দিয়ে ভারি যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। সেতুর পিলারে দুই দফা ফেরির ধাক্কার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সেতুর নিচ দিয়ে হালকা যানবাহন নিয়ে ফেরি চলবে। ভারি যানবাহন নিয়ে বিকল্প পথে ফেরি চলাচল করবে। আজ (১০ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
খালিদ মাহমুদ বলেন, পরপর দুবার সংঘর্ষ হয়েছে এটা দুঃখজনক। এ ঘটনায় আমরা খুবই বিব্রত। শিমুলিয়া বাংলাবাজার রুটে তীব্র স্রোতে চলাচল দুরূহ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফেরি চলাচলে যে সক্ষমতা তা আমাদের নেই।
তিনি বলেন, স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিমুলিয়া বাংলাবাজার রুটে কোনো ভারি যানবাহন পারাপার হবে না। এ রুটে অ্যাম্বুলেন্স ও হালকা যান পারাপার হবে। এছাড়া যাত্রীবাহী যান পারাপার হবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে। পণ্যবাহী যানবাহন পারাপারে চাঁদপুরের হরিণাকে ঘাট ব্যবহার করতে হবে। এসব ঘাটে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।
এদিকে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হন। ওই ঘটনায় দুই জনকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে সেতুর ৭ নম্বর পিলারে আঘাত হানে রো রো ফেরি শাহ জালাল।