বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনার দাপট কিছুটা কমে আসলেও এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৪৫ লাখ মানুষ এই মরণব্যাধির শিকার হয়েছেন। স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ার পরও এখন পর্যন্ত ২১ কোটি ৬২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০০ জনের। একই সময়ে ৭ লাখ ১১ হাজার মানুষ এই মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৪০৩ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ৭ লাখ ৩ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৩৯৬ জন।
এদিকে বাংলাদেশেও করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বাংলাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। এছাড়া মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৮৪৬ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।