মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জনের প্রাণহানিসহ আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। রবিবার (২৯ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইয়েমেনি দক্ষিণ বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব বলেছেন, হুথি বাহিনীর হামলায় ৩০ থেকে ৪০ জনের মতো সৌদি সমর্থিত সৈন্য প্রাণ হারিয়েছেন। আর অর্ধশতাধিক সেনা এরই মধ্যে আহত হয়েছেন।
দুটি হাসপাতাল সূত্র জানিয়েছে, লাহজ প্রদেশের প্রধান হাসপাতালে আরও ১৬ জন আহত ব্যক্তির সঙ্গে বেশ কয়েকজনের মরদেহ এসেছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোক আছে কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
যদিও বাসিন্দারা জানিয়েছেন, আল-আনাদ এলাকায় বেশ কয়েকটি জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রায়ই ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।
https://youtu.be/IqfI091xYJ8