পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় অপর এক ব্যক্তি আহত হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতর বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারী অমরখানায়। তিনি একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। নিহত ইব্রাহিম দেবীগঞ্জ উপজেলার টোকরা ভাষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই প্রধান শিক্ষক স্কুলের কাজ শেষ করে অজিত কুমারকে নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড় শহরের দিকে যাওয়ার সময় তেপুকুরিয়া স্থানে পৌছায়। সে সময় বিপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রধান শিক্ষক খলিল নিহত হয়। অপরজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।