মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে অনাহারের ঝুঁকিতে আছেন এক কোটি ৬০ লাখের অধিক মানুষ। এছাড়া কমপক্ষে ৫০ লাখ মানুষ এখনো দুর্ভিক্ষের মুখে রয়েছেন। গৃহযুদ্ধে বিভাজিত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইয়েমেনের বর্তমান সংকট পরিস্থিতি ‘দ্রুত আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে’ বলে বর্ণনা বিশেষজ্ঞদের।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, সংঘাতে কবলিত রাষ্ট্রটিতে আগামী কয়েক সপ্তাহ এবং মাসগুলোতে অনাহারে থাকা মানুষের সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেছেন, ইয়েমেনের সরবরাহ ব্যবস্থা এখন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এমনকি খাদ্যদ্রব্যের মূল্য প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে।
তিনি আরও বলেন, খাদ্যদ্রবের মূল্যবৃদ্ধি ও জ্বালানি স্বল্পতা নিয়ে পরিস্থিতি এখন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। এমনকি দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে এমন মানুষের সংখ্যাও ৫০ লাখ। এছাড়া এক কোটি ৬০ লাখ অনাহারের মুখে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ আরও তহবিল না দিলে আগামী অক্টোবর মাসের মধ্যে ৩২ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া বন্ধ করে দিতে হবে।
এ দিকে ইয়েমেনে নিযুক্ত ডব্লিউএফপির মুখপাত্র আন্নাবেল সিমিংটন বলেন, ইয়েমেনের মানুষ দুবেলা খাবার জোটাতে পারছে না। খাদ্য সংকট জটিল আকার ধারণ করলেও এর প্রভাব স্পষ্ট। ইয়েমেনি রিয়ালের মান কমে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ইয়েমেনিদের পক্ষে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করা অসাধ্য হয়ে পড়েছে।
তার মতে, বর্তমান সময়ে আমরা যেভাবে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি, আগামী ছয় মাস এটা অব্যাহত রাখতে হলেও আমাদের আরও ৭৯৭ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এমনকি আমরা অক্টোবর থেকে ত্রাণ ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে আছি। এছাড়া অতিরিক্ত সহায়তা না আসলে আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ লাখ মানুষকে ত্রাণ দেওয়া বন্ধ হবে।
অপর দিকে ইয়েমেনে অ্যাকশন ফর হিউমিন্যাটি নামে আরেকটি দাতব্য সংস্থার কর্মী অ্যাডাম কেলউইক বর্তমান পরিস্থিতিকে ‘নিদারুণ’ বলে বর্ণনা করছেন। গেল মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর সানার একটি হাসপাতাল পরিদর্শন শেষে কেলউইক বলছিলেন, ওই হাসপাতালটি ছিল অনাহার আর অপুষ্টিতে ভরা শিশুতে পূর্ণ।
তিনি আরও বলেন, এই সমস্ত শিশুদের থাকার জন্য তাদের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালটি ছিল কঙ্কালের মতো দেখতে শিশুদের বিছানায় ভরা। এটা ছিল একটা ভয়াবহ দৃশ্য। পরিস্থিতির যে দ্রুত অবনতি হচ্ছে সেটা একদম স্পষ্ট এবং শিশুদের এত মারাত্মক অপুষ্টির কারণ হলো তাদের মায়েরাও অপুষ্টিতে ভুগছে।
অ্যাডাম কেলউইক দাবি করেন, স্পষ্টতই এর মানে হলো যে তারা (মায়েরা) নিজেদের শিশুদের বুকের দুধ খাওয়াতে অক্ষম। বাস্তবতা মেনেই এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দিন যাপন করতে হচ্ছে তাদের। এমনকি যেসব ইয়েমেনি পরিবারের আয়ের যথেষ্ট উৎস রয়েছে, তারাও প্রায় একই রকমভাবে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে।