ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আফগানদের হারিয়ে টিকে রইল ভারত

২১০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর ভারতের প্রয়োজন ছিল অন্তত ৬০ রানের ব্যবধানে জয়। একমাত্র সেটা হলেই তাদের রানরেটটা মাইনাস থেকে প্লাসে চলে আসবে।


যাতে করে শেষ দুই ম্যাচে নামিবিয়া এবং স্কটল্যান্ডের সঙ্গে আরও ভালো রানরেটে জিততে পারে বিরাট কোহলিরা। আর সেটা হলেই সেমিফাইনালে খেলাটা সহজ হবে টিম ইন্ডিয়ার জন্য।


আপাতত প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে ভারতের। ২১১ রানের টার্গেট দিয়ে আফগানিস্তানকে মাত্র ১৪৪ রানে থামিয়ে দিতে সক্ষম হয়েছে কোহলির দল। এতেই ম্যাচ জিতেছে ৬৬ রানে। যার ফলে ভারতের মোট রানরেট গিয়ে ০.০৭৩ তে দাঁড়িয়েছে। বিরাট এই জয়ের ফলে সেমিতে ওঠার স্বপ্ন ভালোভাবেই টিকিয়ে রেখেছে বিরাট কোহলি অ্যান্ড কোং।


প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর খাদের কিনারায় চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। শঙ্কা দেখা দিয়েছিল টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ারও। তবে এখনো সম্ভাবনা দুলছে পেন্ডুলামের মতো। অনেক ‘যদি, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে তাদের সেমিতে খেলা।


কিন্তু তার আগে নিজেদের কাজটা তো করতে হবে! সে কাজটাই প্রাথমিকভাবে সেরে রাখল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে।


সবচেয়ে বড় কথা, টুর্নামেন্টটির প্রথম তিন ম্যাচে আফগানদের যে লড়াকু মানসিকতার দেখা গিয়েছিল, ভারতের বিপক্ষে তার ছিটেফোঁটাও চোখে পড়েনি। শুরু থেকেই কেমন যেন অসহায় এক আত্মসমর্পণ। টস জিতে ফিল্ডিং নিল। রাতে যেখানে শিশির পড়ে, বোলিং করতে সমস্যা হয়, সেখানে কেন মোহাম্মদ নবি ফিল্ডিংয়ের সিদ্ধান্তটি নিলেন, তা দেখে অনেকেই হতাশ।


শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরল ভারতীয়রা। আফগানদের বোলিংয়ে যে দুর্ধর্ষ দেখা যাচ্ছিল, এই ম্যাচে তার একটুও চোখে পড়েনি। পুরোপুরি নখদন্তহীন বোলিং। সুতরাং, টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোর ২১০ রান উঠে গেল বোর্ডে।


ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ শাহজাদের উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। হযরতুল্লাহ জাজাই চেষ্টা করেছিলেন মারমুখী হওয়ার। একটি বাউন্ডারি আর একটি ছক্কাই তার প্রমাণ। যদিও জসপ্রিত বুমরাহর বলে ক্যাচ তুলে দেন জাজাই। বল ধরেন শার্দুল ঠাকুর।


এরপর রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইব মিলে সাময়িক ঝড় তোলার চেষ্টা করলেন। গুরবাজ পরপর দুটি ছক্কা মেরে বুঝিয়ে দিচ্ছিলেন ভারতের জন্য ম্যাচটা সহজ হবে না। তার সঙ্গে যোগ দেন গুলবাদিন নাইবও।


যদিও রবিন্দ্র জাদেজা বোলিংয়ে আসতেই চুপসে যান এ দুজন। শেষ পর্যন্ত জাদেজাকে ছক্কা মারে গিয়ে বাউন্ডারি লাইনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন গুরবাজ। মাত্র ১০ বলে করলেন ১৯ রান। এরপর রবিচন্দ্র অশ্বিন বোলিংয়ে আসার পর গুলবাদিন নাইব হয়ে গেলেন ক্লিয়ার এলবিডব্লিউ। ২০ বলে ১৮ রান করেন তিনি।


নজিবুল্লাহ জাদরান ১৩ বলে করেন ১১ রান। মোহাম্মদ নবি কিছুক্ষণ টিকেছিলেন কঠিন সেই উইকেটে। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। ছক্কা মারেন ১টি, বাউন্ডারি ২টি। শেষ পর্যন্ত মোহাম্মদ শামির বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে রবিন্দ্র জাদেজার ক্যাচ দেন তিনি।


মাত্র ২২ বল খেলে করিম জানাত করেন সর্বোচ্চ ৪২ রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। শেষ বলে ছক্কা মেরে আফগানিস্তানের রানরেটটা ঠিক রাখার আসল কাজ করলেন তিনি। হারলেও আফগানদের রানরেট ঠিক থাকল আপাতত। নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে গ্রুপ-২ এ দ্বিতীয় স্থানেই রইল আফগান বাহিনী।

ads
ads
ads

Our Facebook Page

↑