দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর আরোপিত আবগারি শুল্ক হ্রাস করেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে শুল্ক ৫ রুপি করে কমানো হয়েছে। এমনকি লিটারপ্রতি ডিজেলে শুল্ক হ্রাস পেয়েছে ১০ রুপি।
মোদী সরকারের এই শুল্ক হ্রাসের ফলে স্বাভাবিকভাবেই দেশটির খুচরা বাজারে কমবে পেট্রোল-ডিজেলের দাম। আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে জনগণের প্রতি ‘উপহার’ হিসেবে শুল্ক হ্রাসের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে ভারতের মিডিয়া এনডিটিভিকে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আবগারি শুল্ক হ্রাসের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও রাজ্য সরকারদের এই মর্মে আহ্বান জানানো হয়েছে। যেখানে ক্রেতাদের ওপর চাপ কমানোর স্বার্থে পেট্রোল ও ডিজেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর কথা বলে হয়।
বিশ্লেষকদের মতে, ভারতে ২০১৯ সাল থেকে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। ২০১৯ সালে প্রথমবার পেট্রোলের দাম লিটার প্রতি বাড়ে ২৬ রুপি। পরের বছর ২০২০ সালে তা আরও বেড়ে ৩৪ রুপিতে পৌঁছায়।
এ দিকে কেন্দ্রীয় সরকারের নতুন এই পদক্ষেপের পর ভারতের খুচরা বাজারে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেল কত দামে বিক্রি হবে, তা অবশ্য জানাতে পারেনি এনডিটিভি।
যদিও মিডিয়াটি বলছে, ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনার পরই শুল্ক কমানোর সিদ্ধান্তটি নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সাম্প্রতিক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেছিলেন, পেট্রোল-ডিজেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে ‘কর চাঁদাবাজি’ করছে। সরকারকে ‘পকেটমার’ বলেও টুইট বার্তায় দাবি করেন রাহুল।
উল্লেখ্য, কৃষি অর্থনীতি ভিত্তিক ভারতের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সেচ নির্ভর। পেট্রোল-ডিজেলের ওপর সরকারি শুল্ক হ্রাসের ফলে দেশটিতে সবচেয়ে বেশি কৃষকরাই উপকৃত হবেন বলে দাবি সংশ্লিষ্টদের।