দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের হায়দরাবাদভিত্তিক ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান ‘ভারত বায়োটেকের’ তৈরি মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (৩ নভেম্বর) জরুরি ব্যবহারের অনুমোদনের তালিকায় ভারতের এই টিকাকে স্থান দিয়েছে সংস্থাটি।
ভারতীয় মিডিয়া এনডিটিভি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে। এছাড়া যেসব ভারতীয় এই টিকা নিয়েছেন বা নেবেন; তারা বিদেশ সফরে গেলে আর কোয়ারেন্টিন পালন অথবা করোনার অন্যান্য বিধি-নিষেধের আওতায় পড়বেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক টুইট বার্তায় বলা হয়েছে, কোভ্যাক্সিনকে (ভারত বায়োটেকের তৈরি) জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে কোভিড-১৯ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হলো এই কোভ্যাক্সিন।
কার্যকারিতা ও মানের বিষয়ে দীর্ঘ এবং কঠোর পর্যালোচনার পর ডব্লিউএইচওর জরুরি ব্যবহারের অনুমোদন পেল ভারত বায়োটেকের তৈরি করোনা প্রতিরোধী ভ্যাকসিন কোভ্যাক্সিন। হায়দরাবাদের এই প্রতিষ্ঠানটি তাদের তৈরি টিকার অনুমোদনের জন্য চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছিল।
এরপর জুলাই মাসে প্রয়োজনীয় ডেটা সরবরাহ করে ভারত বায়োটেক। দীর্ঘ এই সময়ে কোভ্যাক্সিনের সুরক্ষা, কার্যকারিতা এবং অ্যান্টিবডির স্থায়িত্বের পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন স্থাপনাও পর্যালোচনা করে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনে বিলম্ব হওয়ায় লাখ লাখ ভারতীয়— বিশেষ করে বিদেশগামী কর্মজীবী, শিক্ষার্থী, করোনায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবার এবং অন্যান্যরা ভোগান্তিতে পড়েন। ভারত বায়োটেকের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি অন্যান্য দেশের অনুমোদন পাবে। এমন আশা-উদ্বেগে অপেক্ষা বাড়ে তাদের।
গেল সপ্তাহে কোভ্যাক্সিনের চূড়ান্ত ঝুঁকি-উপকারিতা মূল্যায়নের জন্য ভারত বায়োটেকের কাছে অতিরিক্ত তথ্য-উপাত্ত চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বতন্ত্র টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডা. মার্গারেট হ্যারিস বলেন, চূড়ান্ত মূল্যায়নে কমিটি যদি সন্তুষ্ট হয়, তাহলে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশের প্রত্যাশা করছি।
ডব্লিউএইচও বলেছিল, তারাও বুঝতে পেরেছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের তালিকায় কোভ্যাক্সিনের অন্তর্ভুক্তির জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন। কিন্তু জরুরি ব্যবহারের জন্য কোনো ভ্যাকসিন সুপারিশ করার আগে আমরা যাচাই-বাছাই বাদ দিতে পারি না। ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণের জন্য আমাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করতে হবে।
কোভ্যাক্সিনের অনুমোদনের পর এই টিকার কার্যকারিতা নিয়ে একাধিক টুইট করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ১৪ অথবা তারও বেশি দিনের ব্যবধানে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া হলে কোভিড-১৯ এর যে কোনো ধরনের তীব্রতার বিরুদ্ধে কোভ্যাক্সিন প্রায় ৭৮ শতাংশ কার্যকর বলে নিশ্চিত হয়েছে ডব্লিউএইচও। সংরক্ষণের ব্যবস্থা সহজ হওয়ায় নিম্ন এবং মধ্যম আয়ের দেশের জন্য অত্যন্ত উপযোগী এই টিকা।
দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ খ্যাত এই ভারতের স্থানীয়ভাবে তৈরি একমাত্র টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল কোভ্যাক্সিন। দেশটিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাদান কর্মসূচির মূলভিত্তি হিসেবে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিনও ব্যবহার করা হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে ১২ কোটি ১৪ লাখ মানুষকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে।
ভারত বায়োটেক বলছে, তাদের তৈরি টিকা উপসর্গ যুক্ত করোনা প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কার্যকর। এছাড়া কোভিড-১৯ এর অতি-সংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫ দশমিক ২ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম কোভ্যাক্সিন। হায়দরাবাদের কোম্পানিটি বলছে, তারা কোভ্যাক্সিনের তৃতীয় অর্থাৎ শেষ ধাপের পরীক্ষায় পাওয়া কার্যকারিতার তথ্য চূড়ান্ত বিশ্লেষণ শেষ করেছে।
বিশ্লেষকদের মতে, কোভ্যাক্সিন, কোভিশিল্ড ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং চীনের সিনোফার্মের করোনা প্রতিরোধী ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
এ দিকে কোভ্যাক্সিনের গুণাগুণ অব্যবহৃত অবস্থায় ১ বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে বলে বুধবার জানিয়েছিল ভারত বায়োটেক। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) পর্যন্ত বিষয়টির জন্য একটি সনদপত্র ভারত বায়োটেককে দিয়েছে।
ভারত বায়োটেক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আমরা টিকার মেয়াদ বিষয়ক তথ্যসমূহ সিডিএসসিও বরাবর জমা দিয়েছিলাম। সেসব তথ্য যাচাই-বাছাই শেষে সিডিএসসিও এই সনদ দিয়েছে। সিডিএসসিওর সনদ অনুযায়ী- টিকা প্রস্তুতের দিন থেকে পরবর্তী ১২ মাস পর্যন্ত মেয়াদ ও গুণাগুণ অক্ষুণ্ণ থাকে কোভ্যাক্সিনের।
বর্তমানে বাজারগুলোতে যেসব করোনা প্রতিরোধী টিকা পাওয়া যায়, সেসবের অধিকাংশেরই মেয়াদ ৬ মাস। অর্থাৎ প্রস্তুতের দিন থেকে ৬ মাসের মধ্যে ব্যবহার না করা হলে নষ্ট হয়ে যায় সেসব ভ্যাকসিনের ডোজ। এছাড়া ফাইজার-মডার্নার কোভিড টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন হয় বিশেষ তাপমাত্রার। সেই তাপমাত্রায় রাখা না হলে এমনিতেই ভ্যাকসিনের প্রতিরোধী গুণাগুণ নষ্ট হয়ে যায়। অপর দিকে সাধারণ রেফ্রিজারেটরেই কোভ্যাক্সিন সংরক্ষণ করা সম্ভব।
উল্লেখ্য, উৎপাদনের প্রথম দিকে অবশ্য অন্যান্য টিকার মতো ৬ মাস মেয়াদ ছিল কোভ্যাক্সিনেরও। যদিও চলতি বছর গোড়ার দিকে টিকার মেয়াদ বাড়ানোর দিকে মনোযোগ দেয় ভারত বায়োটেক। ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানগুলো যদি তাদের উৎপাদিত ভ্যাকসিনের মেয়াদ বাড়ায়, সেক্ষেত্রে বিশ্বজুড়ে টিকার অপচয় অনেকাংশে হ্রাস পাবে।