উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বিকালে দেশটির একটি মহাসড়কে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদ সংস্থা এপি।
মেক্সিকান কর্তৃপক্ষের দাবি, রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার সংযোগ স্থাপনকারী মহাসড়কে শনিবার দুপুরের দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
এএফপি জানিয়েছে, শনিবার দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এ সময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এরপর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনাটি ঘটে।
মেক্সিকোর ফেডারেল হাইওয়ে অথরিটি জানিয়েছে, টোল বুথে দাঁড়ানো ৬টি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার্গো ট্রাক। এতে ১৯ জনের প্রাণহানি এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কার্গো ট্রাকের ড্রাইভারও রয়েছেন।
বিবৃতিতে ওই সংস্থা আরও জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।
এএফপি বলছে, ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দীর্ঘ ওই মহাসড়কটিতে বিপুল সংখ্যক কার্গো ট্রাক চলাচল করে থাকে।