বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ভোটের সর্বোচ্চ ৭০ শতাংশ সমর্থন নিয়ে জো বাইডেন, অ্যাঙ্গেলা মেরকেল, বরিস জনসন, জাইর বলসোনারো এবং ইমানুয়েল ম্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের পেছনে ফেলেছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ডেটা ইন্টেলিজেন্স ফার্ম ‘মর্নিং কলসাল্টের’ জরিপে এরই মধ্যে চিত্রটি উঠে এসেছে। শনিবার (৬ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।
মিডিয়াটি বলছে, মর্নিং কনাসাল্ট নামে কয়েকশ কোটি ডলারের এই সংস্থাটি মূলত তথ্য বিশ্লেষণের কাজ করে থাকে। প্রতি সপ্তাহে সংস্থাটি বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তাও পরিমাপ করে।
শনিবার মর্নিং কনসাল্ট’র সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, চলতি সপ্তাহে জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমীক্ষায় মোদীর অ্যাপ্রুভাল রেটিং ছিল ৭০ শতাংশ। অবশ্য ২০১৯ সালে মর্নিং কনসাল্ট যখন থেকে সমীক্ষা শুরু করে তখন থেকেই নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৬০ শতাংশের ওপরেই রয়েছে।
এ দিকে জনপ্রিয়তার দিক থেকে মোদীর পরেই রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ও’ব্রাদোরের নাম। মোদীকে ৭০ শতাংশ সমর্থন করেন মানুষ। আর দ্বিতীয় অবস্থানে থাকা লোপেজের প্রতি সমর্থন ৬৬ শতাংশ। যদিও আগের তুলনায় কিছুটা হলেও সমর্থন বেড়েছে মেক্সিকান এই প্রেসিডেন্টের।
অপর দিকে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এছাড়া চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিদায়ী এই চ্যান্সেলরের প্রতি রয়েছে ৫৪ শতাংশ মানুষের সমর্থন। আর ৪৭ শতাংশ মানুষের সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রয়েছেন পঞ্চম স্থানে।
এরপর ৪৫ শতাংশ সমর্থন নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্য দিকে ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সপ্তম স্থানে নেমে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে বাইডেনের জনসমর্থন কমে গেছে।
বিশ্লেষকদের মতে, মর্নিং কনসাল্টের সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পাওয়াকে বিশ্বব্যাপী ৭০ শতাংশ মানুষ মোদীর সরকারের নীতিগুলোকে সমর্থন করছে বলে অনুমান করা হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি জি-২০ সম্মেলন এবং গ্লাসগো জলবায়ু সম্মেলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীকে একাত্ম হতে দেখা গেছে তাতে ভারতীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেছে।
মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং বর্তমানে ভারত, জাপান, ইতালি, মেক্সিকো, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, জার্মানি, স্পেন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সরকারি নেতাদের অনুমোদনের রেটিং ট্র্যাক করছে। সাপ্তাহিক ভিত্তিতে ১৩টি দেশের রিপোর্ট দিয়েছে, যার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত।