দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের বিহার রাজ্যে ‘ভেজাল’ মদপানে ক্রমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (৬ নভেম্বর) রাজ্যটির সমস্তিপুর থেকে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেজাল মদ পান করে রাজ্যটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। আর অসুস্থ আছেন বহু লোক। এনিয়ে টানা তিনদিন বিহার থেকে মৃত্যুর খবর জানা গেল।
ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, ২০১৬ সাল থেকে বিহারে মদ পুরোপুরি নিষিদ্ধ। মূলত এরপরও একাধিকবার রাজ্যটির বিভিন্ন জেলা থেকে মদ পানে মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতি বছরই ভেজাল মদ পান করে রাজ্যটিতে বহু লোকের মৃত্যু হয়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
গেল বৃহস্পতিবার থেকে রাজ্যের গোপালগঞ্জ, মুজফফরপুর এবং চম্পারণ এলাকা থেকে একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই তিনটি এলাকাতেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের।
এর মধ্যে মুজফফরপুরের মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আর পশ্চিম চম্পারণে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও সাতজন। এমনকি গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৭ জনের।
এ দিকে ভেজাল মদ তৈরিতে জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে বিহার প্রশাসন।
অপর দিকে ভেজাল মদকাণ্ড নিয়ে রাজ্যটিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের আলোচনাও তুঙ্গে পৌঁছেছে। রাজ্যের প্রধান বিরোধীদল আরজেডির নেতা তেজস্বী যাদব অভিযোগ করে বলেছেন, বিহারে মদ নিষিদ্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ নীতীশ সরকার। রাতের অন্ধকার রমরমিয়ে চলছে এই মদের ব্যবসা।
যদিও অভিযোগ অস্বীকার করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত চলছে। দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মদবিরোধী প্রচারণাও চলবে।
বিশ্লেষকদের মতে, নীতীশ কুমার ২০১৬ সালে মুখ্যমন্ত্রী হিসেবে কুরসিতে বসার পর থেকেই বিহারকে মদমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। সেই থেকেই বিহারে মদ বিক্রি, সেবন ও বহন পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু গ্রামগঞ্জে প্রশাসনের নজর এড়িয়ে মদের বিক্রি চলছেই। আর প্রশাসনিক নজরদারি কম থাকার কারণেই সেই ভেজাল মদ পান করে বহু লোক প্রাণ হারাচ্ছেন।
উল্লেখ্য, রাজ্যটিতে প্রায়ই এমন ভেজাল মদ পান করে স্থানীয়দের প্রাণহানির খবর পাওয়া যায়। এর আগে সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় এই রাজ্যে এসব মদপানে পায় শতাধিক লোকের অসুস্থ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।