ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ও নারীশিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। ব্রিটেনের বার্মিংহাম সিটির নিজ বাড়িতেই অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।


মঙ্গলবার (৯ নভেম্বর) মালালা টুইট করে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন এই অধিকার কর্মী।


টুইট বার্তায় উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আসার এবং আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।


যদিও কিছুদিন আগেই বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা ইউসুফজাই। চলতি বছরের জুন মাসে যুক্তরাজ্যের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে; এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?


উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। তিনি ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑