কট্টর ইসলামিক সংগঠন তালেবান যোদ্ধারা কাবুলসহ গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর থেকেই ইসলামি প্রজাতন্ত্র ইরানে আফগান শরণার্থীদের ঢল শুরু হয়েছে। সীমান্ত অতিক্রম করে প্রতিদিন প্রায় পাঁচ হাজার শরণার্থী তেহরানে প্রবেশ করছেন। ফলে দেশটিতে শরণার্থী সমস্যা ক্রমশ প্রকট হয়ে উঠছে। বর্তমানে ইরানে প্রায় ৩৬ লাখ আফগান শরণার্থী অবস্থান করছেন। বুধবার (১০ নভেম্বর) একটি ত্রাণ সংস্থা বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়।
বিশ্লেষকদের মতে, নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল ইরানের জন্য আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও ইরান বিশ্বের অন্যতম অন্তর্ভুক্তিমূলক শরণার্থী নীতি পরিচালনা করছে বলেও দাবি সংস্থাটির।
চলতি সপ্তাহে ইরান সফরের পর কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এগল্যান্ড বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য সমর্থনে ইরান এতো বেশি আফগান নাগরিকদের আশ্রয় দেবে তা আশা করা যায় না। সম্প্রতি যারা ইরানে প্রবেশে করেছে তাদের অবস্থা শোচনীয় বলেও দাবি জেনারেল জ্যান এগল্যান্ডের।
তার মতে, প্রচণ্ড শীত পড়ার আগে আফগানিস্তান ও ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতে অবিলম্বে সাহায্যের পরিমাণ বাড়াতে হবে।
এ দিকে শরণার্থী কাউন্সিল জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহারের পর তালেবান যোদ্ধাদের কাবুলে প্রবেশের ফলে কমপক্ষে তিন লাখ শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে ইরানে প্রবেশে করেছে।
অনেকটা রক্তপাতহীন ভাবেই গেল ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। এরপর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের কাজ সমাপ্ত বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো। মূলত এর পরপরই গুলি ও বিস্ফোরণের ঘটনায় দেশটিতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। এমনকি ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন বহু আফগান নাগরিক।