ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসতে পটু। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা এর আগে বলেছিলেন প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। তার এবারের বিতর্কিত মন্তব্য আজান নিয়ে। ভোপালের বিজেপি সাংসদের বক্তব্য, ভোরবেলার আজান ঘুমের ব্যাঘাত ঘটায়। রোগীদের রক্তচাপ বাড়ায়।
মঙ্গলবার ভোপালের বেরাসিয়ায় একটি অনুষ্ঠানে প্রজ্ঞা বলেন, "ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় খুব জোরে আওয়াজ হয়। সেই শব্দ বাড়তেই থাকে। মানুষের ঘুম ভেঙে যায়। অনেক রোগীর সমস্যা হয়। তাদের রক্তচাপ বেড়ে যায়।" বিজেপি সাংসদের অভিযোগ, "ওদের প্রার্থনার আওয়াজ বারবার আমাদের শুনতে হয়। কিন্তু তাতে কারও কিছু এসে যায় না। কিন্তু আমরা যখন মাইক ব্যবহার করি বা প্রার্থনা করি, তখনই বিধর্মীদের সমস্যা হয়। ওরা নাকি অন্য ধর্মের প্রার্থনা শুনতে পারে না। এটা নাকি ইসলামে বারণ। আমরা হিন্দুরা অন্যদের ধর্মবিশ্বাসের দিকে নজর রাখি কারণ, আমরা সর্বধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের কি এটা করা উচিত?”
প্রজ্ঞার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের দাবি, ‘প্রজ্ঞা ঠাকুর একটি ধর্মীয় নিয়মের অপমান করছেন। তার ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের বক্তব্য আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা।' বিজেপি অবশ্য বলছে, ভারত গণতান্ত্রিক দেশ। প্রজ্ঞা যদি এমন কিছু বলেও থাকেন, তাহলে সেটা তার বক্তিগত মত এবং তার মত প্রকাশের অধিকার আছে।