যে দেশগুলোতে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে সেসব দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরকে নিষেধাজ্ঞা দিতে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।
নির্দেশনায় তিনি বলেন, আফ্রিকা ও ইউরোপের যে সমস্ত দেশে করোনার নতুন ধরন পাওয়া গেছে সে সমস্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যবস্থা নিতে আমরা স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দিয়েছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। দেশটি ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এ দিকে, শুক্রবার (২৬ নভেম্বর) এক জরুরি বৈঠক শেষে নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এরই মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী সোমবার (২৯ নভেম্বর) থেকে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
অন্য দিকে, বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকাকে ‘রূপান্তরিত ভাইরাসের এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইতোমধ্যে দেশগুলোকে সতর্ক করেছে।