ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বক্সিং রিংয়ে এবার সৌদি নারীরা

রক্ষণশীলতার খোলস ছেড়ে একে একে খেলাধুলায় এগিয়ে আসছেন মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের নারীরা। এবার বক্সিং রিং কাপাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রিয়াদে একটি ‘ফাইট ক্লাবে’ প্রশিক্ষণ নিচ্ছেন দেশটির বেশ কয়েকজন নারী বক্সার।


দেশটির মিডিয়া সৌদি গেজেট বলছে, প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করছে সৌদি আরব। এই নারীরা মূলত তারই প্রস্তুতি নিচ্ছেন। ফাইট ক্লাব জিমটির অবস্থান এখন রাজধানী রিয়াদে। নারীদের বক্সিং টুর্নামেন্ট আয়োজনে বেজায় খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই জিম থেকেই সাতজন নারী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ।


সৌদি মেয়েরা যে আগে যে একেবারেই বক্সিং করতেন না, তা নয়। সারাহ আলশাহরানি নামে এক বক্সার জানান, তিনি চার বছর যাবত বক্সিং করছেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতিতে পাঞ্চিং ব্যাগের কাজ বালির বস্তা দিয়ে চালাতেন।


ফাইট ক্লাবটি চালু হওয়ার পর অনেক মেয়েই বক্সিং শিখতে ও প্রশিক্ষণ নিতে যায় সেখানে। সেখানে রয়েছে বিদেশি কোচ, রিং, সরঞ্জামসহ প্রতিযোগিতামূলক ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রায় সকল সুবিধাই।


সৌদি বক্সিং ফেডারেশনে নিবন্ধিত অর্ধশত নারী বক্সার আছেন। সারাহ আলশাহরানি বলেন, সৌদি মেয়েরা যে শক্তিমত্তায় কারো চেয়ে কম যান না সেটিই প্রমাণ করে দেখাতে চান তারা।


চলতি বছরই প্রথমবারের মতো নারীদের জন্য জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে সৌদি আরবের বক্সিং ফেডারেশন। দেশটির বক্সার ডোনা মোহাম্মদ আল-ঘামদি ২০১৮ সালে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করেন। তার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন এখন এই বক্সারদের।


উল্লেখ্য, শুধু বক্সিং নয়, সৌদি মেয়েরা চলতি বছর প্রথমবারের মতো জাতীয় ফুটবল টুর্নামেন্টেও অংশগ্রহণ করেছেন। রিয়াদ, জেদ্দাহ ও দাম্মাম শহরে গত মাসে ১৬টি দল এই প্রতিযোগিতায় লড়েছে। জাতীয় নারী ফুটবল দল গড়ে তুলতে নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ মনিকা স্টাবকে।


সূত্র : ডয়েচে ভেলে

ads
ads
ads

Our Facebook Page

↑