ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বে করোনা প্রাণ নিল ৫৩ লাখ ৪৫ হাজার

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখ যোগ্য পরিমাণে বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় আট হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে।


সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন এবং মেক্সিকোর নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে শনাক্তের সংখ্যা বেড়ে ২৭ কোটি ২৪ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৩ লাখ ৪৫ হাজারে পৌঁছে গেছে।


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৮০৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা পাঁচ শতাধিক বেড়েছে। এতে বিশ্বজুড়ে প্রাণ হারানোদের সংখ্যা ৫৩ লাখ ৪৫ হাজার ৫৭ জনে পৌঁছেছে।


নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন সাত লাখ পাঁচ হাজার ৭৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় রোগটিতে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে।


এ দিকে সবশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। একই সময়ে দেশটিতে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৭৩০ জন। আর মারা গেছেন এক হাজার ৬৭৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৯১৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে আট লাখ ২৩ হাজার ৩৬০ জন।


অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। গেল এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৪২ জন। আর নতুন করে রোগটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৩৬৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি এক লাখ তিন হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৯১ জনের।


শেষ এক দিনে ব্রিটেনে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৬১০ জন। এর মধ্যে প্রাণ গেছে ১৬৫ জনে। মহামারির শুরু থেকে যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ১০ লাখ ১০ হাজার ২৮৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭৯১ জনের। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭১৩ জন। আর মারা গেছেন ১৫১ জন।


এছাড়া ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৬৫০ জন। আর মারা গেছেন ৫০৯ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৬ লাখ ৫৬ হাজার ১৬১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ সাত হাজার ৬৭৫ জনের। একই সময়ে ইউক্রেনে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আট হাজার ১০৯ জন এবং প্রাণ গেছে ৩৫৬ জন।


করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২৭ জন এবং নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪৪৬ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ এক হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৩৪৮ জনের।


এ দিকে কোভিড আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৭৬ হাজার ২২৭ জন।


এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গেল এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫২ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৯৩ জন, পোল্যান্ডে ৬৬৯ জন, হাঙ্গেরিতে ১৫৩ জন, স্লোভাকিয়ায় ১০৫ জন এবং ভিয়েতনামে ২৮৩ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রাণ গেছে ২৬২ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯৬ হাজার ৯৮৩ জনের।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑