করোনা অতিমারীর কারণে এবছর মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার ঝুঁকি এড়াতে পরীক্ষাপদ্ধতি বাদ দিয়ে লটারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার) আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত জানান।
তিনি আরো জানান, লটারির সময়ে কোনো অভিভাবক স্কুলে উপস্থিত থাকতে পারবেন না। একটি কমিটি এই লটারি পরিচালনা করবেন। এছাড়া ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয় সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে।
প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়। তবে করোনার কারণে নতুন শিক্ষাবর্ষে (২০২১ সালে) ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে। এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারির আয়োজন করে ভর্তি করা হবে শিক্ষার্থী। লটারির ফলাফল নিজ নিজ বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
উল্লেখ্য বর্তমানে দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে আছে ৪২টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ১৯ হাজার ৪২১টি। এর মধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত, বাকি দুই হাজার ৬৪৬টি নন-এমপিও প্রতিষ্ঠান।