ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় ৫৩ লাখ ৮৪ হাজার মৃত্যু

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় ব্যাপক পরিমাণে বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত লোকজনের সংখ্যা সাত লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।


সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা দেখল যুক্তরাষ্ট্রের জনগণ। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন এবং ফ্রান্সের নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ২৭ কোটি ৬৫ লাখের ঘরে দাঁড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৩ লাখ ৮৪ হাজারে পৌঁছে গেছে।


বুধবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুই হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৮৪ হাজার ৫৮৭ জনে পৌঁছেছে।


নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন সাত লাখ ৪১ হাজার ৪৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় দুই লাখ ১০ হাজার বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে।


এ দিকে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ৩৩৮ জন। আর মারা গেছেন এক হাজার ৮১১ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৭৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন আট লাখ ৩০ হাজার ৯৯০ জন।


অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। গেল এক দিনে দেশটিতে কোভিডের শক্তিশালী থাবায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৯০৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি দুই লাখ ৬৭ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৯৯ হাজার ২৪৯ জন।


শেষ ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬২৯ জন। আর মারা গেছেন ১৭২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৩ জন। আর মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৪৩৩ জন। একই সময়ে ফ্রান্সে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২৯ জন।


এছাড়া ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯ জন। আর মারা গেছেন ৫১৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৬৮ লাখ ৬৯ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ নয় হাজার ৭৫৯ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ছয় হাজার ২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৪৬ জন।


করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গেল এক দিনে দেশটিতে মহামারি করোনার থাবায় আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন ৮৬ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৬২১ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ ১৯ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯৯১ জনের।


এ দিকে মহামারি করোনায় সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন চার লাখ ৭৮ হাজার ৬১ জন।


এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৪৩ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৮৭ জন, হাঙ্গেরিতে ১৩২ জন, ইতালি ১৫৩ জন এবং ভিয়েতনামে ২৫০ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৯১৬ জনের।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑