দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিলে ভয়াবহ বন্যার থাবায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যার কারণে বিভিন্ন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
বাহিয়া রাজ্যের গভর্নর রুই কোস্টা জানিয়েছেন, বন্যায় প্রায় ৪০টি শহর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলহেয়াস শহর।
রুই কোস্টা বলেন, এটা একটি ভয়াবহ পরিস্থিতি। বাহিয়ার সাম্প্রতিক ইতিহাসে আমি এর আগে এমন ঘটনা দেখেছি বলে মনে পড়ে না। এটা সত্যিই ভীষণ ভয়ঙ্কর। এখানে অনেক বাড়ি-ঘর এবং রাস্তাঘাট পানির নিচে ডুবে গেছে।
বন্যার কারণে ৩৫ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাহিয়া রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা এবং সুরক্ষা সংস্থা তথ্যটি নিশ্চিত করেছে।
শনিবার দিবাগত রাতে ইতাম্বে শহরের ভারি বৃষ্টির কারণে একটি বাধ ভেঙে যাওয়ায় আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাজিলের আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করেছে, বাহিয়া রাজ্যে আরও বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এজেন্সিয়া ব্রাসিল জানিয়েছে, কমপক্ষে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাহিয়ার আশেপাশে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে ব্রাজিল ন্যাশনাল ইন্সটিটিউট অব মেটেওরোলজি। যদিও সোমবার এবং মঙ্গলবার অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় এমনিতেই বিপর্যস্ত ব্রাজিল তার মধ্যেই এমন বন্যা পরিস্থিতি সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলেছে। বিশ্বে কোভিড সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান বর্তমানে তৃতীয়।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ২২ লাখ ৩৯ হাজার ৪৩৬ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ৪৮৪ জনের। অপর দিকে দুই কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে উঠেছে।