ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নতুন একটি যৌথ নথির ভিত্তিতে পারমাণবিক আলোচনা: ইরান

ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক আলোচনার অষ্টম রাউন্ড এরই মধ্যে শুরু হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান জানিয়েছেন, নতুন একটি যৌথ নথির ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ সেই নথিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তাসহ তেহরানের মূল শর্তগুলো অন্তর্ভুক্ত রয়েছে।


সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, একটি ‘গ্রহণযোগ্য’ যৌথ বক্তব্যে একমত হওয়া গেছে। যার মধ্যে নিষেধাজ্ঞা ও পারমাণবিক ইস্যুতে বলা কথাও রয়েছে।


অস্ট্রিয়ার রাজধানীতে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের আলোচনার একটি খসড়ার প্রতি ইঙ্গিত দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ২০২১ সালের জুন মাসের নথিটি সরিয়ে রাখতে এবং নতুন একটি যৌথ নথিতে সম্মত হয়েছি। আর ওই নথি ঘিরে সোমবার আলোচনা শুরু হয়েছে।


দীর্ঘ দশ দিনের বিরতির পর সোমবার শুরু হলো ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (জিসেপিওএ) ফের সক্রিয় করার আলোচনা। আমিরাব্দুল্লাহিয়ান জানিয়েছেন, এখানে তেহরানের মূল দাবি হচ্ছে- ২০১৮ সালের মতো যুক্তরাষ্ট্র এককভাবে চুক্তি ছেড়ে যেতে পারবে না- এমন নিশ্চয়তা। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা যাচাইয়ের মেয়াদ নিয়েও কথা হবে।


আমিরাব্দুল্লাহিয়ান দাবি করেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যে এসব শর্ত এবং ইস্যুর মাধ্যমে আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে পারব যেখানে ইরান সহজেই, কোনো বাধা ছাড়াই নিজেদের তেল বিক্রি করতে পারবে এবং তেলের অর্থ বিদেশি মুদ্রায় ইরানি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে আর আমরা এসব অর্থ বিভিন্ন খাতে অর্থনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে পারব।


জেসিপিওএর আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার মাধ্যমে নিষেধাজ্ঞায় ছাড় পায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান ওইসব সীমিত করা কর্মসূচি ফের শুরু করে। বর্তমানে ৬০ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে অত্যাধুনিক সেন্ট্রি ফিউজ ব্যবহার করছে তেহরান।


রুশ বার্তা সংস্থা স্পুটনিকে গেল শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি বলেছিলেন, ভিয়েনার আলোচনা ব্যর্থ হলেও তার দেশ সমৃদ্ধ করার সীমা আর বাড়াবে না।


পারমাণবিক বোমার জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন পড়ে। পারমাণবিক চুক্তির পশ্চিমা দেশগুলো এই সমৃদ্ধকরণ নিয়েই উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তারা পারমাণবিক কর্মসূচিতে কখনোই অস্ত্র যুক্ত করতে চাইবে না।


বিশ্লেষকদের মতে, ২০১৫ সালে ইরানকে নিয়ে অন্য বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছিল। যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল, পরমাণু অস্ত্র তৈরি করা যায়, এমন পরিমাণ ইউরেনিয়াম তেহরান কখনোই জমা করতে পারবে না। জাতিসংঘ ইরানের পরমাণু পরীক্ষাগারে নজরদারি চালাতে পারবে।


যদিও ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই পরমাণু চুক্তি থেকে নিজেদের বের করে নেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমাদের পক্ষে ওই চুক্তিতে আর থাকা সম্ভব হচ্ছে না। মূলত এরপরই ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। যদিও তেহরানও ওয়াশিংটনের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানায়।


মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে তেহরান জানিয়েছিল, আগের চেয়ে বহু গুণ বেশি ইউরেনিয়াম সংগ্রহ করবে তারা। জাতিসংঘের কাছে তথ্য দিতেও তারা আর দায়বদ্ধ নয়। এরপরেই জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে উদ্যোগী হয়। গত সপ্তাহে সেই প্রক্রিয়াই শুরু হয়েছিল। তবে সে আলোচনাও মাঝপথে স্থগিত হয়ে যায়।


কূটনীতিকদের একাংশের মতে, ইরানের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতেই গত সপ্তাহে পরমাণু আলোচনা বন্ধ করে দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত নতুন করে চুক্তি যাতে হয়, এখন সেটাই সকলেই চাইছে। তবে ইরানের সরকারি প্রতিনিধিকে যে সহজে চুক্তিতে স্বাক্ষর করানো যাবে না, সে কথা এখন সকলের কাছেই স্পষ্ট। আর তা এরই মধ্যে অনেক মানতে শুরু করেছে।


সূত্র : ডয়েচে ভেলে

ads
ads
ads

Our Facebook Page

↑