চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিআইসিসি ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।
এর আগে গত ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। কিন্তু ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।
অন্যদিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।