ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে এসেছে টিকার সবচেয়ে বড় চালান

করোনা টিকার সবচেয়ে বড় চালান দেশে এসেছে। বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের যৌথ খরচ বহনের চুক্তিতে এই চালান এসেছে। এতে রয়েছে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা।


মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউনিসেফ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব টিকা দেশে আসার কথা জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে বাংলাদেশে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে এ বছর জুন মাস থেকে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা সরবরাহ করেছে বাংলাদেশে। সর্বশেষ এই টিকার চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে।


ইউনিসেফ সরবরাহকৃত ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফ দ্বারা সরবরাহকৃত এই ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে।


টিকার এই চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড টিকার আওতায় আনার লক্ষ্যকে বেগবান করবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


উল্লেখ্য, চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮ দশমিক ৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑