আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কে নৌকার প্রার্থী বিষয় নয়। সবসময় নৌকার সঙ্গে ছিলাম। নৌকার সঙ্গেই আছি। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। নারায়ণগঞ্জে নৌকা ডুবতে দেব না সোমবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য।
নারায়ণগঞ্জে নৌকাকে ডুবিয়ে দেওয়া হবে বলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার যে মন্তব্য করেছিলেন সংবাদ সম্মেলনে তার জবাব দেন এই সংসদ সদস্য। তৈমূরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নিজের প্রচারণা ঠিকমতো করেন। আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলেছেন- নৌকা ডুবিয়ে দেবেন। নারায়ণগঞ্জ বিএনপি-জামায়াতের ঘাঁটি না। এখানকার মাটি ও মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দলের পক্ষে। এখানে নৌকা ডোবানোর মতো এত শক্তি কারও আছে বলে আমার মনে হয় না।’
শামীও ওসমান বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী? প্রার্থী আম গাছ হোক আর কলাগাছ হোক। সবসময় নৌকার প্রতি সাপোর্ট। এখানে প্রার্থী দেখার বিষয় নয়। নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই।
নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ বলেন, আগে জোরালোভাবে মাঠে নামা হয়নি। আজ থেকে মাঠে নামবো।
তিনি বলেন, আজকে আমার সংবাদ সম্মেলন করার কথা না। কিন্তু এরপরও আমি সংবাদ সম্মেলন করছি। অনেকে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছে। অন্যদিকে কেউ কেউ দলে থেকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আবার কেউ বাইরে থেকে করছে। কেউ আমি মানসিকভাবে শকড। আমি কেন বারবার সাবজেক্ট ম্যাটার্স হব।