সার্চ কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তাদের লক্ষ্য হবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের তামাশা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এই কমিটি দিয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, এটা স্পষ্ট, এ অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতোই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, বিএনপি মনে করে কেবল নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব।
মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সংকট উত্তরণে নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটি মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে অনুসন্ধান কমিটি এবং তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কোনো ক্রমেই গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না বিধায় বিএনপি গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে এ প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য।
সংবাদ সম্মেলনে গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায়ও গৃহবন্দি আছেন- এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) তাকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু।