ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনার সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন করা হয়েছে। এতে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমেছে। এরপরও সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।


শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে পরামর্শ দিয়ে থাকি।


তিনি আরও বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বলেছেন শিক্ষামন্ত্রী। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। স্কুল-কলেজের যেসব শিক্ষার্থী এখনও টিকা নেয়নি, তারা যেন দ্রুত টিকা নিয়ে নেয়।


অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑