ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বহুল কাঙ্ক্ষিত আলোচনায় বসেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে তুরস্কে বৈঠকটি শুরু হয়। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নিতে বুধবার (৯ মার্চ) রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে পৌঁছান। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবার সকালেই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছে যান।
যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া বিবিসি নিউজ বলছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগলুর আহ্বানে সাড়া দিয়ে এবারের শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছান দুই পররাষ্ট্রমন্ত্রী।
এ দিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের বলেছিলেন, উভয় নেতার বৈঠক ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মারিয়া জাখারোভা জানিয়েছিলেন, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত সেই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগলু।
তিনি আরও জানান, সম্মেলনটি শুরুর আগেই উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৈঠকে নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুশোগলু।