নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তাৎক্ষণিকভাবে প্রত্যেকের নাম-পরিচয় জানাতে পারেনি উদ্ধারকারীরা। তবে, উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে একজন যুবতী এবং একজন বৃদ্ধ রয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৈনিক অধিকারকে জানান, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একজন বৃদ্ধ এবং একজন যুবতী নারীর মরদেহ রয়েছে। প্রত্যেকের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাঁচ মরদেহের মধ্যে একজন ৬০ বছর বয়সী বৃদ্ধ জয়নাল ভূঁইয়া (৬০)। জয়নাল হার্টের রোগী ছিলেন। লঞ্চ ডুবে যাওয়ার পর তিনি সাঁতরে তীরে উঠলেও কিছুক্ষণ পরই স্ট্রোক করে মারা যান।
এর আগে রবিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুরের আলামিন নগর এলাকায় মুন্সীগঞ্জগামী এমভি আশরাফ উদ্দিন নামক যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এমভি রূপসী-৯ নামের একটি কার্গোবাহী জাহাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে লঞ্চটি মুহুর্তেই শীতলক্ষ্যা নাদীতে ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।