ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১৩৩ যাত্রী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত,বহু হতাহতের শঙ্কা

এশিয়ার পরাশক্তি চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩৩ যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়।


বিমানের আরোহীদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।


স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনা মিডিয়ার খবরে বলা হয়, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৩৭ বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের। সেটি গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। সিসিটিভি বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিধ্বস্ত ওই বিমানে দুর্ঘটনার সময় মোট ১৩৩ জন আরোহী ছিলেন। গুয়াংশির উঝৌ এলাকার তেং কাউন্টির পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর পাহাড়ে আগুন ধরে যায়।


বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যদিও হতাহতের ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া যায়নি।


ফ্লাইটরাডার-২৪ এর তথ্য অনুযায়ী- দীর্ঘ ৬ বছর যাবৎ যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।


ফ্লাইট ট্র্যাকার এই ওয়েবসাইট বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি গুয়াংঝু যাওয়ার উদ্দেশ্যে বেলা ১টা ১১ মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২ মিনিটে। সে সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে তিন হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৯৬ কিলোমিটার (৩৭৬ নট) গতিবেগে বিমানটি চলছিল।


ফ্লাইটরাডার-২৪ বলছে, গুয়াংঝুর বিমানবন্দরে শতাধিক যাত্রীবাহী এই বিমানের অবতরণের সময় নির্ধারিত ছিল স্থানীয় সময় বিকাল ৩টা ৫ মিনিট।


উল্লেখ্য, গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তার রেকর্ড ধরে রেখেছে এশিয়ার পরাশক্তি চীনের বিমান পরিবহন শিল্প। এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের তথ্য বলছে, চীনে সর্বশেষ প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল ২০১০ সালে। ওই সময় হেনান এয়ারলাইন্সের যাত্রীবাহী এমব্রায়ের ই-১৯০ বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটে। সূত্র : রয়টার্স, নিউইয়র্ক টাইমস, সিসিটিভি 


https://youtu.be/_G0BSpMko-Y


ads
ads
ads

Our Facebook Page

↑