ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জিয়াউর রহমানকে নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে বিএনপির : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে বলেছেন ‘এদেশে ইতিহাস বিকৃতির জনক’। তারা ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। সোমবার (২৮ মার্চ) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে কাদের একথা বলেন।


‘স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ইতিহাস বিকৃতি করেছে’— বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার এ অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতি করে না। বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘যার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে, সেই বঙ্গবন্ধু বিএনপির শাসনামলে হয়ে যান এক নিষিদ্ধ নাম। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার।’


গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয় জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে। দলটির নেতারা তাদের চেয়ারপার্সন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’


বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয় বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ইতিহাস চলে তার নিজস্ব গতিতে, এ চিরসত্য বিএনপি নেতারা হয়ত জানেন না। হাতের তালু দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল।’


‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপির অপরাজনীতির। জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই, জনগণ এখন আর বিশ্বাস করে না হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে।’ নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, ‘সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে জনগণের প্রত্যাখ্যান এবং তাদের আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে।’


‘স্বাধীনতার ৫০ বছরে আমরা কী পেলাম’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরাধীনতার শৃঙ্খল মুক্তির অর্ধশতক পর যারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে কী পেলাম, প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে কিনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কিনা, সে প্রশ্নই এখন চলে আসে।’

ads
ads
ads

Our Facebook Page

↑