বৃটেনে ১ সপ্তাহে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬ লাখ মানুষ। এ নিয়ে ২৬ শে মার্চ পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ৪৯ লাখ। অফিস ফর ন্যাশনল স্ট্যাটিসটিকের সর্বশেষ জরিপে এসব কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে গত সপ্তাহে ইংল্যান্ডে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে প্রতি ১৩ জনে একজন। অথচ ১ সপ্তাহ আগে এই অনুপাত ছিল প্রতি ১৬ জনে একজন। তবে আক্রান্তের সংখ্যা এখনও স্কটল্যান্ডে সর্বোচ্চ। সেখানে প্রতি ১২ জনে একজন আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বিষয়ক সিনিয়র কর্মকর্তা কারা স্টিল বলেন, বৃটেনজুড়ে ছড়িয়ে পড়েছে ওমিক্রন বিএ.২ ভ্যারিয়েন্ট।
এ জন্য আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ওদিকে ল্যাটারেল ফ্লো টেস্ট কিটের জন্য শুক্রবার থেকে ইংল্যান্ডের বেশির ভাগ মানুষকে অর্থ খরচ করতে হবে। জেনারেল ফ্রি টেস্ট করানো হবে স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডে। এসব স্থানের স্বাস্থ্য বিষয়ক পলিসি তারা নিজেরাই নির্ধারণ করে। আবার ইংল্যান্ডের কেয়ার হোমগুলোতে আত্মীয়দের সঙ্গে যারাই সাক্ষাৎ করতে যাবেন তাদের জন্য ফ্রি টেস্টের ঘোষণা দিয়েছে অ্যালজিমার্স সোসাইটি।