ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

৩৩ হাজার গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

ঈদের আগে ৩৩ হাজার পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন ৩২ হাজার ৯০৪ ভূমিহীন পরিবার। ভূমিহীন মানুষগুলো শেখ হাসিনার দেওয়া এমন ঈদ উপহারে আনন্দিত। তাদের চোখে মুখে দেখা গেছে তৃপ্তির আভা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে এসব গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিয়েছে সরকার।


গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প ও চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পের বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।


এদিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন এলাকার উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। উপকারভোগী মানুষগুলো ঈদের আগে জমিসহ ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।


ভিডিও কনফারেন্সে যারা কথা বলেছেন তাদের একজন কলেজ ছাত্রী আজিজা সুলতানা স্মৃতি। ঘর পেয়ে আবেগাপ্লুত আজিজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার বাবা নেই। আমার মা অন্যের বাড়িতে কাজ করেন। ঈদ উপহার হিসেবে আপনার দেওয়া একটি ঘর পেয়েছি। ঈদে ঘর পেয়ে আমরা অনেক খুশি। এমন খুশির ঈদ আমরা কখনো পাইনি।’


দুই শতক জমির উপর দুই কক্ষবিশিষ্ট একটি ঘর, একটি টয়লেট ও একটি বারান্দা দেওয়া হয়। এসব ঘরের ডিজাইন প্রধানমন্ত্রী নিজেই প্রণয়ন করেন বলে জানা গেছে।


জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩২৯ পরিবার। তৃতীয় ধাপের আরও ৩২ হাজার ৭৭০টি ঘর নির্মাণাধীন আছে। প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপের ঘরগুলো অনেক বেশি টেকসই। এ ধাপে একেকটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরগুলোতে আরসিসি পিলার, গ্রেড ভিম, টানা লিংকটারসহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑