ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া : জেলেনস্কি

বিধ্বস্ত ডনবাসের পূর্বাঞ্চলে ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৬ মে) স্থানীয় সময় দিবাগত রাতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেছেন, আমাদের জনগণের নির্বাসন ও বেসামরিক লোকজনের ওপর আক্রমণ রাশিয়ার ‘গণহত্যার’ একটি সুস্পষ্ট নীতি।


এ দিকে খারকিভে রাশিয়ান বোমা হামলায় নয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছিলেন, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। সেখানে পাঁচ মাস বয়সী একটি শিশু ও তার বাবাও প্রাণ হারান। বর্তমানে শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। খারকিভে আহতদের মধ্যে একজন নয় বছর বয়সী মেয়েও রয়েছে বলে জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।


বিশ্লেষকদের মতে, ইউক্রেনীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ডনবাসের লুহানস্ক অঞ্চলের একমাত্র অংশ সেভেরোদোনেৎস্ক। স্থানীয় মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক দাবি করেন, রাশিয়ান সৈন্যরা বর্তমানে সেখানকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।


সেভেরোদোনেৎস্কের মেয়র বলেছেন, শহরটিতে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো আছেন। যেখানে রাশিয়ান সেনাবাহিনীর হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। রুশ আক্রমণে এক হাজার পাঁচশ জন নিহত হয়েছেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভেরোদোনেৎস্কের মেয়র।


উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে চতুর্থ মাসে গড়িয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নামে আক্রমণ চালিয়েছে রাশিয়া। দেশ দুটির টানা তিন মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছেন।


এতে বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু বেসামরিক নাগরিক। সূত্র : আল-জাজিরা

ads
ads
ads

Our Facebook Page

↑