টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে; অনাদায়ে আসামিকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আজ রবিবার (৭ আগস্ট) এ রায় দেন। রায়ে দণ্ডিত ওই যুবকের নাম মো. রবিন মিয়া (২৬)। তিনি সখীপুর উপজেলার সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
এ দিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামি দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস বলেছেন, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে দণ্ডিত রবিন মিয়া তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। সেদিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, তদন্ত শেষে পুলিশ সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর দণ্ডিত রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।