শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী জাহের আলীকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের কন্যা শাহনাজ পারভীনের (৪২) সাথে বাড়ির কাছাকাছি বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডাব বিক্রেতা জাহের আলীর (৩০) বিয়ে হয় প্রায় এক বছর আগে।
এর আগে জাহের আলী প্রথম বিয়ে করলে এক ছেলে রেখে দুইজনের তালাক হয়। এরপর আবার শাহনাজের তিন সন্তান রেখে পরপর দুইটি বিয়ে বিচ্ছেদ ঘটে। ফলে জাহের-শাহনাজের এ সংসার ছিল দ্বিতীয়-তৃতীয়। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শাশুড়ি-ননদের সাথে থাকলেও স্বামী জাহের আলী জামালপুরে ডাবের ব্যবসা করতেন।
সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে শাহনাজ তার চার বছর বয়সী কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী জাহের আলী নিজে ঘরের সিঁধ কেটে প্রবেশ করে ঘুমন্ত স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
এরপর সকালে শাহনাজের পিতা মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শাহনাজের দেবরকে ডেকে সিঁধ দিয়ে ঘরে পাঠান। পরে দরজা খোলে শাহনাজের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বামীসহ অন্যান্য স্বজন এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করে।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।