চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইমুন ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত শিশু মাইমুন ওই এলাকার শিক্ষক মো. মিজানুল ইসলামের একমাত্র পুত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মাইমুন। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
শিশু মাইমুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী।