চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী অভিমুখে আসা আলমদিনা ট্রান্সফোর্টের একটি মালবাহী কার্ভাটভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে তাৎক্ষণিক খুঁটিটি ভেঙ্গে পড়েছে। ঘটনাটি মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টায় বাঁশখালী প্রধান সড়ক সংলগ্ন কালীপুর রেজিস্ট্রি অফিসের পাশে ঘটেছে।
বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর গুনাগরি অফিসের এজিএম দেবব্রত জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি মালবাহী কার্ভাটভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া সংযোগ আঞ্চলিক সড়কের কালীপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙ্গে পড়ে। এতে সঙ্গে সঙ্গে এলাকার বৈদ্যুতিক লাইন বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
আলমদিনা ট্রান্সফোর্টের মালবাহী কার্ভাটভ্যান চালক বলেন, চট্টগ্রাম থেকে ট্রান্সফোর্টের মাল নিয়ে বাঁশখালী হয়ে পেকুয়া যাচ্ছিলাম। যাত্রা পথে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রীশুকুমার ঘোষ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী গুনাগরি অফিসকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর জন্য কাজ করছে।
উল্লেখ্য, বাঁশখালী প্রধান সড়কের ফুটপাত দখল করে গেড়ে বসেছে বেশ কয়েকটি পল্লীবিদ্যুতের খুঁটি। যার দরুন নিত্য দুর্ঘটনাও ঘটছে এ সড়কে। সড়ক থেকে এ খুঁটি অপসারণ করলে অনেকটাই কমে যাবে দুর্ঘটনা বলে দাবি সচেতন মহলের।