কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
গত সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পানবাজার পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার কামালের নেতৃত্বে এপিবিএন সদস্যরা বালুখালী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকিরকে (৩৩) গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।