রাঙামাটির নানিয়ারচর উপজেলার বন্দুক ভাঙ্গা এলাকা ও লংগদু উপজেলার ছোট কাট্টলীর মাঝামাঝি স্থানে পাহাড়ি সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে জেএসএসের একদল হামলা করে। এ সময় গুলিতে শ্যামল চাকমা নামে একজন সহযোদ্ধা মারা গেছেন।
লংগদু থানার ওসি (তদন্ত) সানজিদ আহমেদ জানান, গোলাগুলির ঘটনা আমরাও শুনেছি। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের দিকে যাচ্ছে। হতাহতের বিষয়ে নিশ্চিত নই।
গোলাগুলির বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার চাকমা জানান, ছোট কাট্টলী মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিহতের বিষয়টি এখনো জানি না। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাবে। তাদের জন্য অপেক্ষা করছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।