ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চোর চক্রের ৫ সদস্য তিন অটোরিকশাসহ গ্রেফতার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির টান টান সময়ে সাপ্তাহিক সমিতির থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে অটো চালক ফয়জুল। তিনি বিভিন্ন জায়গায় অটো চালিয়ে চালাতেন সংসার। গত ২৫ আগস্ট ময়মনসিংহের ভালুকা সদর ইউনিয়নের আশকা গ্রামের সুইচগেট এলাকা থেকে ওই অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোরের একটি সংঘবদ্ধ চক্র। এরপর বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই ফয়জুলের একটি অটোসহ মোট তিনটি অটোরিকশা উদ্ধার করেছেন।


বুধবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।


গ্রেফতারকৃতরা হলেন-ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের টান মরচি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (২৭), গফরগাঁও থানার কোনাপাড়া মৃত জয়নাল আবেদীন মন্ডলের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৮), নিজাম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৫), কামাল উদ্দিন ফরাজীর ছেলে মো. মিজান (২৩) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শামছুল হকের ছেলে মো. মঞ্জু মিয়া (৩৮)।


অভিযানের নেতৃত্বকারী ভালুকা মডেল থানার (এসআই) আবুল কালাম আজাদ জানান, (ওসি) মো. কামাল হোসেন স্যারের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক মুহাম্মদ নূর কাশেম, নজরুল ইসলাম ও পুলিশের একটি দল নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ও তিনটি অটোরিকশা উদ্ধার করেছেন।


আবুল কালাম আজাদ আরও জানান, এই চোর চক্রের সদস্যসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে ভালুকা থানাসহ বিভিন্ন এলাকায় সহজ-সরল অটোরিকশা চালকদের ভাড়া করার কথা বলে, কখনও কখনও মেয়েদেরকে উঠিয়ে প্রলোভনের মাধ্যমে, কখনও চেতনানাশক ট্যাবলেট এর মাধ্যমে অচেতন করে অটোরিকশা নিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দৈনিক অধিকারের কাছে জানান, বিভিন্ন এলাকা থেকে ভাড়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, অটোরিকশা ও সিএনজি ছিনতাই করে ওই চক্রটি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। পলাতক আসামি গ্রেফতার ও চুরি হওয়া আরও সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরও জানান, পুলিশের বিশেষ নজরদারি থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশের টহল গাড়ি এবং বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওই ওসি।

ads
ads
ads

Our Facebook Page

↑