মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের কোর্ট পরিদর্শক মো. জসিম উদ্দিন।
তিনি আরও জানিয়েছেন, ওই পাঁচজনকে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে আদালতের তোলা হয়। পরে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন-ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে পুলিশের সোর্স মো. আশিকুর রহমান নিরব (২৪) একই এলাকার কাদের শেখের ছেলে খোকন শেখ (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত শনিবার ৩ সেপ্টেম্বর সকালে ভালুকা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের সোর্স মো. আশিকুর রহমান নিরব ও খোকন শেখ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতে কনস্টেবল আব্দুল মান্নানকে আটকের পর তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডস্থ ভাড়া বাসায় তল্লাসি করে ৭শ ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে আটক করা হয়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দৈনিক অধিকারের কাছে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এসআই মানস, কনস্টেবল মুসফিকুজ্জামান ও মান্নানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।