মানিকগঞ্জের সিংগাইরে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত নারী মাদক কারবারি উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের সুমন হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোসা. শাহনাজ (৩২)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী। অপরজন সিংগাইর থানাধীন দক্ষিণ ধল্লা গ্রামের শামসুল হকের ছেলে জমশের (৪৭)।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সিংগাইর থানাধীন দক্ষিণ ধল্লা সাকিনস্থ জনৈক সুমনের দোতলা টিনসেড বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া শাহনাজের বসত ঘরের ভিতর হতে মোসা. শাহনাজকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই মো. কায়সার হামিদের নেতৃত্বে দক্ষিণ ধল্লা সাকিনস্থ সালেহা বেগমের বসত বাড়ীর সামনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হতে জমশেরকে আটক করে। এ সময় তার দখল হতে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সিংগাইর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।