টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে। এতে মাইক্রোর ছয় আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেঁড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
তিনি জানান, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের উদ্ধারের পর দ্রুত বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে।