মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘরের কাঠের সিন্ধুক থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় সুজন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার জামসা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের উপার্জনের সর্বস্ব দিনের বেলায় চুরি হয়ে যায়। পরিবারটির দাবি প্রতিবেশী সুজন হোসেন টাকাগুলো দিনের বেলায় চুরি করেছেন।
এ বিষয়ে গত রবিবার (৯ অক্টোবর) প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তার সুজন হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এদিন থানা পুলিশ অভিযুক্ত সুজন হোসেনকে গ্রেফতার করে।
প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তার বলেন, ব্যাংকে টাকা রাখতে ভয় ও ঝামেলা মনে করতাম। আমার সৌদি প্রবাসী স্বামীর দীর্ঘ দিনের উপার্জনের সব টাকা ঘরের একটি কাঠের সিন্ধুকে তালা দিয়ে রাখতাম। প্রতিবেশী দেবর সুজন হোসেন আমাদের ঘরে আসা-যাওয়া করতো। সে জানতো আমারা ঘর ও সিন্ধুকের চাবি কোথায় রাখি। গত ২৬ সেপ্টেম্বর আমার মেয়েকে এসএসসি পরীক্ষা দেওয়াতে সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাই। এই সুযোগে সুজন হোসেন বারান্দার ক্যাবিন থেকে চাবি নিয়ে ঘর ও সিন্ধুক খুলে টাকা চুরি করে। বাড়িতে এসে দেখতে পাই সিন্ধুকের ১৭ লাখ টাকা নেই। সুজনকে ঘর থেকে টাকা নিয়ে যেতে দেখেন আরিফা আক্তার নামে এক প্রতিবেশী।
সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজ হাসান বলেন, প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তার মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামি সুজন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।