মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।
এ সময় আহমেদুল কবীর বলেন, টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না। এ জন্য সরকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, চার কোটি মানুষ ৪র্থ ডোজ নেওয়ার উপযোগী। তবে আপাতত আমরা ৫টি ক্যাটাগরিতে এই টিকা দেব। এক্ষেত্রে আমাদের মানুষ আছে ৮০ লাখ।
এর আগে চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে বলে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, তৃতীয় ডোজ পাওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের দ্বিতীয় বা চতুর্থ ডোজ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে (বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫০০, ২৫০ এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি) চলমান বুথে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।