ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তারেক-জোবাইদার মামলায় সাজা দেওয়ার জেরে সুপ্রিম কোর্টে আইনজীবীদের হাতাহাতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দুদকের মামলায় সাজা দেওয়ার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, ভাঙচুর ও উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়।


বুধবার দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।


বৃহস্পতিবার দুপুরে এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় রায় প্রত্যাখ্যান করে তারা বলেন, সরকারের নির্দেশিত রায় পড়েছেন বিচারক।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‌‘দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে এ মামলা করে। মাত্র ১৬ দিনে ৪২ জনের সাক্ষ্য নিয়ে দ্রুততার সঙ্গে রায় দিয়েছেন বিচারক। সরকারের নির্দেশিত হয়ে বিচারক এ রায় দিয়েছেন। আমরা এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বিএনপির সংবাদ সম্মেলনের শুরুতে সরকারদলীয় আইনজীবীরা হলে প্রবেশ করে রায়ের পক্ষে স্লোগান দেন। এ সময় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সরকারদলীয় আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের দোতলায় সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে রায়ের পক্ষে ও বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন।


সংবাদ সম্মেলন শেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করে সেখানে জড়ো হলে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।


এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলারের নামে কক্ষের সামনে থাকা নামফলক তুলে ফেলেন। কিছু সময় পর সভাপতি ও সম্পাদকের কক্ষের পেছনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কক্ষের জানালার কাচ ও বাইরে থাকা আসবাব ভাঙচুর করা হয়।


একপর্যায়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর বিএনপিপন্থী আইনজীবীরা বার ভবনের নিচে এবং সরকারপন্থী আইনজীবীরা দোতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑