ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পাবনার বাংলাদেশ রেলওয়ের নাজিম উদ্দীনে স্কুলের নাম নাম মুছে দিলো ছাত্রলীগ

ads

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাংলাদেশ রেলওয়ের নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের মুল সাইনবোর্ড থেকে নাজিম উদ্দীনের নাম মুছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে পোস্ট অফিস মোড় হতে এক বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরের লোকোরোডে অবস্থিত ওই স্কুলের নাম কালো কালি দিয়ে মুছে দেয়। এসময় তারা ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিক্ষোভ মিছিল শেষে ওই স্কুলের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন। তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু। তার সময়েই ২১শে ফেব্রুয়ারিতে মিছিলে গুলিবর্ষণ করে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলায় রক্তখেকো নাজিম উদ্দীনের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না।


তারা আরো বলেন, এই স্কুলের নাম পরিবর্তনের জন্য বারংবার পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরে দাবি জানানো হলেও আজ অবধি এই দাবি বাস্তবায়ন হয়নি। ছাত্রলীগ নেতারা এসময় এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর নামে ওই রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নামকরণের দাবি জানান। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন দাস। বক্তব্য দেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন, কলেজ শাখার সভাপতি খোন্দকার আরমান। এসময় পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


স্থানীয়রা বলছেন, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললে এর প্রবল বিরোধিতা করেন পূর্ব বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন। সে বছরের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ তার সেই ঘোষণায় বাঙালি ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই আন্দোলনের মধ্যেই ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন এক ভাষণে জিন্নাহর কথারই পুনরুক্তি করেন। তার এই বক্তব্য ছাত্রদের আন্দোলনে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়। এরপর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ ২১ ফেব্রুয়ারি ঢাকায় সভা-সমাবেশের ডাক দেয়।


প্রশাসন ২১ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা ভেঙেই ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিত হতে থাকলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউরসহ অনেকে নিহত হন। মূলত খাজা নাজিম উদ্দীনের নির্দেশেই পুলিশ এই হত্যাযজ্ঞ চালায় বলে ধারণা করা হয়। অথচ রাষ্ট্রভাষা বাংলার শত্রু ঘৃণ্য সেই নাজিম উদ্দীনের নাম গত ৬৮ বছর ধরে ঈশ্বরদীবাসী বয়ে বেড়াচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page