ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে আগামী ১৯ এপ্রিল। দেশজুড়ে প্রায় দেড় মাসব্যাপী ভোটগ্রহণ শেষে ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে। ১৯ এপ্রিল শুরু হয়ে ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে লোকসভার ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের সঙ্গে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচনের চূড়ান্ত সূচি (তফসিল) ঘোষণা করেছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)। রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্যে— অরুণাচল প্রদেশে ১৯ এপ্রিল, অন্ধ্রপ্রদেশে ১৩ মে, ওড়িশায় ১৩ ও ২০ মে এবং সিকিমে ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন হাউজ গঠন করতে হয়। একই সঙ্গে অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশার বিধানসভাগুলো জুনে বিভিন্ন তারিখে তাদের মেয়াদ শেষ করতে চলেছে।


নির্বাচনের ধাপ সম্পর্কে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার বলেন, ‘আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ নতুন ভোটার এবং ২০ থেকে ২৯ বছর বয়সী প্রায় সাড়ে ১৯ কোটি ভোটার রয়েছে। আমাদের মোট ভোটার কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চেয়েও বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্র, দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন।’


সিইসি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কর্মী সমন্বিত কেন্দ্রীয় বাহিনীর ৩ হাজার ৪০০টি কোম্পানির সমন্বয়ে ৬ থেকে ৭ ধাপে ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ এক মাসের বেশি সময় ধরে হতে পারে। ২০১৯ সালের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল এবং ফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে।

ads
ads
ads

Our Facebook Page

↑