রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ। এই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আটককৃতরা হলেন- ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফ ৪ এর দুই চালকসহ মোট ৫ জন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাননি তিনি। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তাদেরকে আটকের পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে মামলার পর বিস্তারিত জানানো হবে।
এ দিকে ৫ যাত্রী নিহতের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)এর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মোঃ রফিকুল ইসলামকে কমিটির আহবায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এস এম আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মোঃ কবীর হোসেনকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানের কাছে কমিটিকে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশনা দেয়া হয়েছ।
এছাড়াও এমভি ফারহান-৬ এবং এমভি তাসরীফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করা হয়েছে।
বিআইডব্লিউটিএর পক্ষ হতে প্রত্যেক মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন কাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।