ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডিএনএ নমুনা দিতে আনার-কন্যা ডরিনকে ডেকেছে কলকাতা সিআইডি

ভারতের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপরই ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডেকেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এমপি আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।


তিনি বলেন, বৃহস্পতিবার কলকাতা সিআইডির এক কর্মকর্তা ফোন করে ডরিনকে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে কলকাতায় যেতে বলেছেন। আমরা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে বিষয়টি জানিয়েছি।


তিনি আরও বলেন, ডরিনের ভারতে যাওয়ার ভিসা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা ডিবির একটি টিমের সঙ্গে ভারতে যাব।


এদিকে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ভারতে ২ জন ও বাংলাদেশে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ৫ জনরে মধ্যে ৪ জনই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। অপর আসামি গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখন পর্যন্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।


গত ১৩ জুন মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন মিন্টু।


আদালতকে তিনি জানান, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এমপি নির্বাচনে মনোনয়ন চাওয়াটাই আমার অপরাধ। ’তিনি গত জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, বিষয়টি তার জন্য কাল হয়ে দাড়িয়েছে বলে তিনি দাবি করেন।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামও উঠে আসে। আওয়ামী লীগ নেতা বাবুকে জিজ্ঞাসাবাদের সময়ও নাম আসে মিন্টুর। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে ডিবি পুলিশ নিশ্চিত হয় আনার হত্যার পেছনে মিন্টুর বড় ধরনের ভূমিকা রয়েছে। এ সংক্রান্ত একাধিক তথ্যও পায় ডিবি। পরে ১১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় মিন্টুকে


প্রসঙ্গত, এমপি আনার গত ১২ মে ভারতে যান। পরদিন ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা করেন। পরে কলকাতার ঐ ফ্ল্যাটের সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো বা খাল থেকে উদ্ধার করা হাড় ফরেনসিক পরীক্ষা জন্য পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় ঐ হাড় ও মাংস মানুষের বলে নিশ্চিত হওয়া গেছে। সে কারণে আনারকন্য ডরিনকে কলকাতায় ডাকা হয়।


এ ছাড়া ভারতে একটি হত্যা মামলা হয়। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এ হত্যাকাণ্ডে জড়িত হিসাবে এ পর্যন্ত ১২ জনের নাম এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑